বিএনপিই আমাদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছে : জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজনে ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দলটি রাতারাতি তাদের অতীত ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।’
সরকারি দলের ১৪৮ জন সংসদ সদস্যকে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াত আমির। একই সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আলোচনা সভায় ১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, সংস্কার কার্যক্রম উপেক্ষা করে এবং আধিপত্যবাদের সঙ্গে আপস করে দেশ পরিচালনা করছে বিএনপি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে বিএনপি ১৭টি ধারা লঙ্ঘন করেছে। এ সময় তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়ার জন্য সালাহউদ্দিন আহমেদের সমালোচনাও করেন তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ অভিযোগ করেন, অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি।
খেলাফত মজলিসের আমির মামুনুল হক আলেমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা না করেন।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতিকে বিভক্ত না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তাঁদের মতে, সংস্কার ও সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর উদ্যোগ ও সমন্বয় প্রয়োজন।
