×

রাজশাহী

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে শতবর্ষী বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে শতবর্ষী বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

সামান্য বৃষ্টি হলেই থমকে যায় নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। হাঁটুসমান পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হয় শিক্ষার্থীদের। ভেজা পোশাক, কাঁদামাখা জুতা আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন বিদ্যালয়ে আসতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন পরিস্থিতি এখন স্থানীয়দের উদ্বেগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু পাঠদান নয়, খেলাধুলা, পরীক্ষা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দ্রুত মাঠ সংস্কার না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বড় মাঠটি দীর্ঘদিন ধরে নিচু অবস্থায় রয়েছে। সামান্য বর্ষণেই মাঠজুড়ে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়। একই মাঠ ব্যবহার করে গুরুদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে দুর্ভোগ আরও বেড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ থাকে না। একাডেমিক ভবনের তুলনায় মাঠ অনেক নিচু। এমনকি আশপাশের সড়কের চেয়েও নিচে অবস্থান করছে বিদ্যালয়টি। সাবেক সংসদ সদস্যের উদ্যোগে মাঠ কিছুটা উঁচু করা হলেও এখনো পুরোপুরি সমতল হয়নি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সংসদ সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনও ফাহমিদা আফরোজ যদি মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলের উপযোগী করে দিতেন, তাহলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে যেত।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, শতবর্ষের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমেও উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে। প্রতি বছর এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছে প্রতিষ্ঠানটি। এখান থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বহু এমপি, মন্ত্রী, সচিব, আমলা, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তা।

অভিভাবকদের অভিযোগ, বৃষ্টির দিনে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কাদা ও পানির কারণে অনেক সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহতও হয়। দ্রুত মাঠ সংস্কার করা হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদান ও খেলাধুলার সুযোগ পাবে বলে মনে করেন তারা।

বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মাঠ সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।’

এলাকাবাসীর দাবি, শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শতবর্ষী এই বিদ্যালয়ের মাঠ দ্রুত সংস্কার করা প্রয়োজন। তাদের ভাষায়, বছরের পর বছর আলোকিত মানুষ গড়ে তোলা একটি প্রতিষ্ঠানের মাঠ এখনো অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App