বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৫০ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম বাদী হয়ে বুধবার ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৪০০ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা রেজাউল ইসলাম ও তার অনুসারীরা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময় জোরপূর্বক টাকা আদায় শুরু করেন বলে অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে ব্যবসায়ীরা ধর্মঘট, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন।
অভিযোগে বলা হয়, গত ১৫ মে দুপুর আড়াইটার দিকে মথুরাপুর বাজারের মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম ও বেল্লাল হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন রেজাউল ইসলাম ও তার সহযোগীরা। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রেজাউল ইসলাম দোকান থেকে ছুরি নিয়ে ব্যবসায়ীদের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।
এ ঘটনায় বুধবার ধুনট থানায় দায়ের করা অভিযোগে উপজেলার অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে ও মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুল ইসলামসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে রেজাউল ইসলাম বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে কোনো চাঁদা আদায় করা হয়নি। প্রতিপক্ষের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবসায়ীকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ইজারা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপরও অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
