গোমস্তাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামিম হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ এলাকার পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।
শিশু তামিম হুজাইফা উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর নূনগোলা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, শিশু তামিম হুজাইফা কয়েকদিন আগে নাদেরাবাদে তার নানার বাসায় বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার খেলার সাথীদের সঙ্গে পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। গোসল করতে করতে একসময় পানিতে তলিয়ে যায়।
পরে তার গোসলের সাথীরা বাসায় খবর দিলে বাসার লোকজন এসে খোঁজাখুঁজির মধ্যে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
