‘গ্রাম পিছিয়ে থাকলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়’
গোমস্তাপুরে পল্লী উন্নয়ন দিবসে বক্তারা
মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: ভোরের কাগজ
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গোমস্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম যদি পিছিয়ে থাকে, তবে পুরো দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব নয়। তাই উন্নয়নের মূল স্রোতধারাকে শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত করতে হবে। কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক সেবা গ্রামের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পল্লী অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে পারলে শহরমুখী হওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং দেশ তার আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমিতির উপকারভোগী প্রমুখ।
