পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির কাছের পুকুরে মাছ ধরছিলো রিয়াদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত হলে রিয়াদ গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
রিয়াদের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীদের ভাষ্য, রিয়াদ ভদ্র, শান্ত স্বভাবের ও পড়াশোনায় মনোযোগী একজন শিক্ষার্থী ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যু পুরো গ্রামবাসীকেই শোকাহত করেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
