চাঁপাইনবাবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই মহল্লার মোন্নাপাড়া থেকে মাউনজেরা খাতুন (২৩) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নকক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি কিংবা পরকীয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি আরও ভালোভাবে বলতে পারবেন।
ঘটনাস্থলে থাকা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাগর আলী জানান, মাউনজেরা খাতুনের স্বামী সুমন সৌদি আরবে কর্মরত। তাদের প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে দুটি কন্যাসন্তান রয়েছে। সকালে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
