ভ্যান চালককে হত্যা, ৪ জনকে যাবজ্জীবন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
নাটোরে চার্জার ভ্যানচালক কিশোর প্রান্তর সর্দারকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের মামলায় চারজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ লাখ টাকা এবং ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ (৪র্থ আদালত)-এর বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের বাগাতিপাড়ার বেগুনিয়া গ্রামের শরিফুল ইসলাম (পলাতক), একই গ্রামের মাজেদুল মন্ডল ও রানা হোসেন এবং কুড়িগ্রামের রাজারহাট এলাকার লিটন মন্ডল।
কারাদণ্ডপ্রাপ্ত হলেন- রাজশাহীর বাঘা উপজেলার শওকত আলী।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আড়ানী বাজার থেকে বাগাতিপাড়ার পাঁকা বাজারে যাওয়ার কথা বলে কিশোর প্রান্ত সর্দারের চার্জার ভ্যানটি ভাড়া করেন কয়েকজন যাত্রী। পথে যাত্রীবেশে থাকা আসামিরা চালক প্রান্তকে শ্বাসরোধে হত্যা করে তার ভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে লাশটি ছোট পাঁকা গ্রামের একটি পটল ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের বাবা জিয়া সর্দার ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অভিযুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ৮ বছর ধরে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর তথ্যটি নিশ্চিত করেছেন।
