কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম
ছবি: সংগৃহীত
কৃষকের বেশে মাঠে নেমেছিলেন পুলিশ সদস্য। লুঙ্গি ও গামছা পেঁচিয়ে ছদ্মবেশ ধরেন সাধারণ কৃষকের। এরপর কৌশলে আটক করেন দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে।
ওই পুলিশ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ। শনিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সুশিল (৪০) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া গ্রামের মৃত শুকান্তের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানার একটি মাদক মামলায় আদালত সুশিলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি সাজা এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশ জানতে পারে, সুশিল বর্তমানে নিয়ামতপুর এলাকার একটি ফসলি মাঠে কাজ করছেন। তথ্য নিশ্চিত হওয়ার পর এএসআই ফরহাদ লুঙ্গি ও গামছা পেঁচিয়ে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন। পরে মাঠে নেমে কৌশলে সুশিলকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সুশিল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। শনিবার আমাদের এএসআই ফরহাদ কৃষকের ছদ্মবেশে নওগাঁর নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে গ্রেফতার করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
