মিলারদের কাছে থেকে চাঁদাবাজি, চালকল মালিক সমিতির মানববন্ধন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: ভোরের কাগজ
মিলারদের কাছে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ চালকল মালিক সমিতি মানববন্ধন করেছে। রবিবার (২৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এসএম সোহাগ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে চালকল মালিকদের কাছে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি এবং চালকল মালিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও করেন তারা।
বক্তারা বলেন, এসব কর্মকাণ্ডের কারণে চালকল মালিকরা ব্যবসা পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
আরও পড়ুন: সার না পেয়ে গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষক
মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. মোতালেব, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, চালকল মালিক ওমর ফারুক পান্না ও কামরুল ইসলাম বাবলুসহ অনেকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন চালকল মালিকরা। স্মারকলিপিতে অভিযোগগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
