বাল্যবিয়েতে ভ্রাম্যমাণ আদালত: হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: ভোরের কাগজ
নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে আসামিদের নিয়ে ফেরার পথে পুলিশ ও প্রশাসনের কর্মীদের ওপর হামলা চালিয়ে তাঁদের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বরের স্বজনসহ ২৫-৩০ জনের একটি দল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে গ্রেপ্তার করে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আদালত অভিযুক্ত বর আল-আমিনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয় ২৫-৩০ জন সরকারি গাড়ি আটকে পুলিশ ও স্টাফদের ওপর আক্রমণ করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল
পরিস্থিতি উত্তপ্ত হলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর আল- আমিনসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ামাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মো. মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ ৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
