×

রাজশাহী

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৪ পিএম

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে সোহাগ খলিফা (২৭) ও বাদশা খলিফা (৪৮) নামে দুই ব্যক্তিকে গাছ ও ঘরের ভেতর বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও যে চুরির অভিযোগে তাদের মারধর করা হয়েছিল, সেই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশ তাদের উদ্ধারের পর অন্য একটি পুরোনো চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রায় এক মাস কারাগারে রাখা হয়। পরে তারা জামিনে মুক্তি পান।

ঘটনাটি ঘটে গত ২৬ জুলাই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণুপ্রসাদ খলিফাপাড়া গ্রামে। ভুক্তভোগীদের অভিযোগ, মো. হান্নান খলিফার বাড়িতে চুরি হয়েছে- এমন সন্দেহে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করা হয়।

সোহাগ খলিফার দাবি, প্রথমে তাকে একটি গাছের সঙ্গে এবং পরে একটি ঘরের সিলিংয়ে উল্টো করে বেঁধে মারধর করা হয়। এমনকি লোহার প্লাস দিয়ে তার নখ তুলে ফেলারও অভিযোগ করেন তিনি। পরিবারের দাবি, নির্যাতনের পর থেকে শারীরিক অসুস্থতায় বিছানায় রয়েছেন সোহাগ।

স্থানীয় বাসিন্দা মো. আশরাফ আলী জানান, ঘটনার খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার ভাষ্য, চুরির অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, কাউকে মারধর করার অধিকার কারও নেই।

ঘটনার সময় পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যাওয়া রায়গঞ্জ থানার এসআই মোতিন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর সন্দেহে মারধরের শিকার দুজনকে উদ্ধার করে। তবে ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, তাদের উদ্ধারের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর চান্দাইকোনা বাগানবাড়ি এলাকায় সংঘটিত একটি পৃথক চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় প্রায় এক মাস কারাভোগের পর তারা জামিনে মুক্ত হন।

এ ঘটনায় ভুক্তভোগীদের প্রশ্ন, যে চুরির অভিযোগে তাদের ধরে নির্যাতন করা হয়েছিল, সেই ঘটনায় মামলা না হলে তাদের অন্য একটি চুরির মামলায় কেন এবং কীভাবে গ্রেপ্তার দেখানো হলো। ওই মামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার ভিত্তি কী ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অভিযোগের বিষয়ে হান্নান খলিফা বলেন, ‘আমাদের বাড়িতে চুরি হয়েছে। তাই তাদের মারধর করা হয়েছে।’ তবে এ ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি তার বাবার কাছ থেকে বিষয়টি জানতে বলেন।

নির্যাতনের ঘটনায় সোহাগের শ্বশুর মো. আশরাফ আলী খলিফা গত ১১ আগস্ট সিরাজগঞ্জ জেলা আদালতে মামলা করেন। মামলাটির নম্বর ১০৬।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, গাছ বা ঘরের ভেতর কাউকে বেঁধে নির্যাতন করা অপরাধ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুরির অভিযোগে দুই ব্যক্তিকে নির্যাতন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের উদ্ধার, ওই ঘটনায় থানায় মামলা না হওয়া এবং পরে পৃথক চুরির মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App