লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষ, আশঙ্কাজনক চার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত
মরদেহ নিয়ে স্বজনদের আপন ঠিকানায় ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নাটোরের গুরুদাসপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশের পানিতে পড়ে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রফিকুল ইসলামের মরদেহ নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের উদ্দেশ্যে যাচ্ছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো-ছ ৭১-২৬৪৭। পথে তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে ছিটকে পাশের পানিতে পড়ে যায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ
নিহত রফিকুল ইসলাম (৪৫) বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের মৃত শাজাহানের ছেলে। তিনি গাজীপুরের হাজীপুকুর এলাকায় বসবাস করতেন। অসুস্থ হয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহটি গ্রামের বাড়িতে নেওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত আটজনের অধিকাংশের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট প্রিয়ংকর রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশের পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে আটজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
