৬০০ টাকা কেজিতে মিলছে গরুর মাংস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি : সংগৃহীত
গরুর মাংসের দাম যখন অনেকের নাগালের বাইরে, তখন সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি মো. আব্দুস সাত্তার। প্রতি শুক্রবার মাত্র ৬০০ টাকা কেজি দরে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন নিজের খামারের গরুর মাংস।
সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের সামনে প্রতি শুক্রবার নিজস্ব খামারের দেশি ষাঁড় জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। বাজারদরের তুলনায় কম দামে গরুর মাংস কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক পরিবারের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কম দামে মাংস বিক্রির উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সকাল থেকেই মাংস কিনতে ওই স্থানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
উদ্যোক্তা হাজি মো. আব্দুস সাত্তার বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। আল্লাহর দেওয়া সম্পদ মানুষের উপকারে কাজে লাগাতে চান তিনি।
তিনি জানান, তার নিজস্ব গরুর খামারে অনেক গরু বড় হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রতি শুক্রবার কয়েকটি গরু জবাই করে কম দামে মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাজি আব্দুস সাত্তার বলেন, প্রতি শুক্রবার তার খামারের ৪ থেকে ৫টি গরু জবাই করে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রি করা হবে। এতে যারা মাংস কিনতে আসছেন, তারা সবাই সন্তুষ্ট বলে জানান তিনি।
স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা। তাদের প্রত্যাশা, মানুষের স্বার্থে নেওয়া এই উদ্যোগ নিয়মিতভাবে চালু থাকবে।
আব্দুস সাত্তার বলেন, মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন তিনি। তার ভাষ্য, ভালো কাজও ইবাদতের অংশ। নিজের সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে পারায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে সিরাজগঞ্জের বাসিন্দাদের জন্য দোয়া করার কথাও জানান তিনি।
স্থানীয়রা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে এমন উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
