রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে মশারির ওপর বিষধর কালাচ সাপ পাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হলের ১২১ নম্বর কক্ষে সাপটি দেখতে পান ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাব্বি রেজা।
রাব্বি রেজা জানান, রাতে ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেলে মশারির ওপর সাপটি দেখতে পান তিনি। পরে বিষয়টি সঙ্গে সঙ্গে কক্ষের অন্য শিক্ষার্থীদের জানালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, হলের আশপাশের পরিবেশ অনেকটা জঙ্গলাকীর্ণ হওয়ায় প্রায়ই সাপের উপদ্রব দেখা যায়। কয়েক দিন পরপরই হলের বিভিন্ন স্থানে সাপ দেখা গেলেও স্থায়ীভাবে এর প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: ডা. শফিকুর রহমান
হলের আবাসিক শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, সাপের উপদ্রবের বিষয়টি একাধিকবার হল প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীরা রাতে কক্ষে ঘুমাতেও আতঙ্ক বোধ করছেন। দ্রুত হলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাপের প্রবেশের পথ বন্ধ করার দাবি জানান তিনি।
এ বিষয়ে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. আল-আমিন সরকার বলেন, হলের আশপাশে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হয়েছে। গত সপ্তাহে প্রশাসনের পক্ষ থেকে হলের পেছনের অংশ পরিষ্কার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সাপটি পেছনের দিক দিয়ে হলে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, হলের পেছনের অংশে ভালো মানের জাল স্থাপন করা হবে। পাশাপাশি ড্রেনসহ আশপাশের এলাকা আবারও পরিষ্কার করা হবে, যাতে ভবিষ্যতে সাপসহ অন্যান্য প্রাণী হলে প্রবেশ করতে না পারে।
