বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রাজশাহীতে জামায়াতের প্রতিবাদ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: ভোরের কাগজ
বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে মহানগর জামায়াতে ইসলামী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর জিরো পয়েন্ট মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই ধাপে ধাপে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং জনদুর্ভোগ আরও তীব্র হয়েছে।
মানববন্ধনে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, “তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করা হচ্ছে।”
আরও পড়ুন: ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলা হয়েছিল। তখন আমরা সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু নির্বাচিত হওয়ার ছয় মাসের মাথায় মুসলিম পারিবারিক আইনের কাটাছেঁড়া করার সাহস দেখানো হয়েছে।” দ্রুত দ্রব্যমূল্য ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এখন জনগণের পকেট থেকে অর্থ নিয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে। এটি কোনোভাবেই শুভ লক্ষণ নয়। সরকারের প্রয়োজনে সহযোগিতার কথা জানিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানান তারা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় রাজশাহী মহানগর জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি আব্দুল হান্নান, বোয়ালিয়া পশ্চিম থানার সেক্রেটারি আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
