নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ এএম
ছবি : সংগৃহীত
নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৮টার দিকে নিহতের সংখ্যা ১৪ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তখন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের বিভিন্ন স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সংঘর্ষে বাসটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়ায় উদ্ধারকাজ চালাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
