তিস্তা সেচখালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন
মো. রাজীব চৌধুরী রাজু , নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খালের সংস্কার ও পরিদর্শন সড়ক মেরামত কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘন্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা।
মঙ্গলবার উপজেলার রাজীব ব্রীজের কাছে পরিদর্শন সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধনে নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন এলাকাবাসী। পরিদর্শন সড়কের পিচ হাত দিলেই উঠে আসছে সে চিত্র তুলে ধরেন তারা।
স্থানীয়দের অভিযোগ, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত ও বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজে পরিদর্শন সড়ক নিম্নমানের কাজ। এছাড়াও উভয় ডাইক শক্তিশালীকরণে সেচ খালের বেড এবং একোয়ারভুক্ত জমি হতে মাটি তুলে লুটপাটের অভিযোগও রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তিস্তা প্রধান খালের বগুড়া সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজ (প্যাকেজ নং-সৈয়দপুর/পরিদর্শন-রাস্তা-১) ঠাকুরগাঁও’র জামাল হোসেন নামে ঠিকাদার ১ কোটি ৩৮ লক্ষ ৪১ হাজার টাকা দরপত্র মূল্যে গত ২২ সালের ২৬ জানুয়ারি কার্যাদেশ প্রাপ্ত হয়ে গত ২৪ সালের ৩০ জুন কাজ সমাপ্তের পত্র দেয়া হয়।
অপর দিকে বগুড়া সেচখালের ০ কি. মি. হতে ৬.৩০ কি. মি. উভয় ডাইক শক্তিশালীকরণ কাজ (প্যাকেজ নং-সৈয়দুপুর/বগুড়া সেচখাল-০১) ঢাকার নিয়াজ মনা জেভি নামে ঠিকাদার প্রতিষ্ঠান ৬ কোটি ৬৫ লক্ষ ৩২ হাজার টাকা দরপত্রে মূল্যে কাজটি ২৪ সালের ১০ নভেম্বর সমাপ্তের শর্তে ২২ সালের ৬ জানুয়ারি মাসে কার্যাদেশ দেয়া হয়।
মানববন্ধন বক্তারা অভিযোগ করে বলেন, "সেচখালের বাম ডাইকে (০ কি.মি. হতে ৬.৩৭ কি. মি) পরিদর্শন রাস্তা মেরামত কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের বিটুমিন ও পাথর। এমনকি, পূর্বের রাস্তার ধুলো পরিস্কার না করেই পিচ ঢালাই করা হয়েছে। ফলে মাত্র কয়েকদিনের মধ্যে পিচ উঠে আসছে। হাত দিলেই পাথর উঠে আসছে। নিম্নমানের কাজ চাই না, আমরা শতভাগ কাজ চাই।
মধ্যরাজিব ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, দায়সারা কাজেই যেন তাদের কাজ। নিম্নমানের বিটুমিন ও পাথর দিয়ে পরিদর্শন সড়ক করা হয়েছে। দেখেন হাত দিলেই পিচ উঠে আসছে। আমরা ভাল মানের কাজ চাই।
মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, আব্দুল মজিদ, সেকেন্দার আলী, নাজমুল হক, রুপালী বেগম, মকবুল হোসেন, সোনা বাবু প্রমুখ।
মঙ্গলবার, সরকারি ছুটি থাকায় সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী আখিনুজ্জামান ও সহকারী প্রকৌশলী মাহামুদুল হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
