×

রংপুর

চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার যুবদল নেতা

Icon

আবু রায়হান চৌধুরী,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার যুবদল নেতা

ছবি: কাগজ প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদুল ফিতরের নামায শেষে এক যুবদল নেতাকে উপস্থিত মুসল্লিরা ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এঘটনাটি ঘটে। এতে বিটুল নামে এক যুবদল নেতা গুরুতর আহত হন। মাথায় আঘাতের কারণে রক্ত ঝরতে দেখা যায়।

বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই অভ্যুত্থানের পূর্বে তিনি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার (২১ মার্চ) টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ইদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয় সকাল ১০ টায়। ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের জন্য মেলা বসে। প্রতিবছর মেলায় আগত ব্যবসায়ীদের থেকে ২০-৫০ টাকা আদায় করা হতো মাঠ পরিষ্কারের জন্য।

কিন্তু এবার ঈদে যুবদল নেতা বিটুল মেলায় আগত ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। আদায়কৃত চাঁদা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যয় করা হবে বলে জানানো হয়। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই চাঁদা উত্তোলনে অপারগতা প্রকাশ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য গতকাল বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ কাজও শুরু হয়।

মেলায় আগত একাধিক ব্যবসায়ী বলেন, ঈদের নামাজের পরে বিটুলের নেতৃত্বে আশরাফুল, সহিদুল সহ বেশ কয়েকজন ব্যবসায়ীদের থেকে মাত্রাতিরিক্ত চাঁদা দাবি করে বসে। তাদের দাবি, প্রতিটি দোকান থেকে চারশ থেকে ছয়শ টাকা পর্যন্ত চাঁদা দাবি ও অনেকের কাছে তা আদায়ও করা হয়। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন ব্যবসায়ীরা সহ স্থানীয়রা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিটুলকে ধাওয়া করে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এই সময় দুই একজন তাকে রক্ষার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এক বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিটুল। এক পর্যায়ে দেবীগঞ্জ থানায় বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে বিটুলকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম আযম বলেন, বিদ্যালয় মাঠে আগামীকাল কনসার্ট আয়োজনের জন্য মেলায় ব্যবসায়ীদের থেকে চাঁদা উত্তোলনের কথা জানানো হলে আমি নিষেধ করি। কিন্তু আমার নিষেধ উপেক্ষা করে আজকে কনসার্ট আয়োজনের কথা বলে চাঁদা উত্তোলন করতে গেলে গণ্ডগোল শুরু হয়। ঘটনার জেরে একজনকে স্থানীয়রা গণপিটুনি দেয় বলে শুনেছি।

হাসপাতালে বিটুলকে ভর্তির সময় জরুরী বিভাগে দেয়া নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে। 

তবে টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, ঈদগাহ মাঠে কিছু দোকান বসে ছিল সেখানে বিটুলসহ কয়েকজন আগামীকালের (রবিবারের) অনুষ্ঠানের জন্য কিছু চাঁদা তুলতে ছিল। তবে এ বিষয়টি মুসল্লিদের পছন্দ না হওয়ায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ঈদ উপলক্ষ্যে মেলায় আগত অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশ যাওয়ার আগেই ঘটনাটি প্রায় সমাধান হয়ে যায় বলে তিনি জানান।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লা দুর্ঘটনায় নিহতদের পরিবারে ১ লাখ টাকা করে দেবে রেল কর্তৃপক্ষ

কুমিল্লা দুর্ঘটনায় নিহতদের পরিবারে ১ লাখ টাকা করে দেবে রেল কর্তৃপক্ষ

বাহরাইনের বিস্ফোরণ ইরানি ড্রোনে নয়, মার্কিন প্যাট্রিয়টে

বাহরাইনের বিস্ফোরণ ইরানি ড্রোনে নয়, মার্কিন প্যাট্রিয়টে

দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করা  হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান

দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান

অতর্কিত হামলায় আওয়ামী লীগ নেতা আহত

যশোর অতর্কিত হামলায় আওয়ামী লীগ নেতা আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App