রংপুরে ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
রংপুরের পীরগঞ্জে ট্রান্সফর্মার চুরি ও স্কুলকর্মী মফিজার রহমান হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত নৌকা, মাইক্রোবাস, বিভিন্ন সরঞ্জাম এবং ট্রান্সফর্মারের তামার কয়েল।
রোববার (২৪ মে) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক হায়দার বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ডিবি পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে ২৩ ও ২৪ মে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ এবং জয়পুরহাটের কালাই উপজেলার কয়েকজন বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রান্সফর্মার চুরি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি নৌকা, একটি মাইক্রোবাস, ট্রান্সফর্মার কাটার যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের ভেতরের তামার কয়েল উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সংঘবদ্ধ এই চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার চুরি করে আসছিল। পীরগঞ্জে চুরির সময় বাধা দেওয়ায় স্কুলকর্মী মফিজার রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ হত্যা মামলার রহস্য উদঘাটনে তারা সফল হয়েছে। এর ধারাবাহিকতায় এই মামলারও অগ্রগতি হয়েছে বলে দাবি তাদের।
গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
