বিদ্যুতের দাবিতে চেয়ার-টেবিল নিয়ে রাস্তায় অবস্থান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অবাঙালি ক্যাম্পের বাসিন্দারা। এ সময় তারা চেয়ার-টেবিল এনে প্রায় পাঁচ ঘণ্টা সড়কে বসে থাকেন।
বুধবার (৩ জুন) সকাল থেকে শহরের গোলাহাট এলাকার ১, ২ ও ৩ নম্বর ক্যাম্পের বাসিন্দারা নিজ নিজ এলাকায় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। পরে বেলা দেড়টার দিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান।
বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, শত শত নারী-পুরুষ আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ফলে সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ তামান্না টু ওয়াপদা সড়কের গোলাহাট অংশে শত শত যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
গোলাহাট ২ নম্বর ক্যাম্পের বাসিন্দারা জানান, গত এক মাস ধরে প্রতিদিন সকাল ৬টার দিকে বিদ্যুৎ চলে যাচ্ছে এবং বিকেল ৪টা বা ৫টায় ফিরে আসছে। বিদ্যুৎ এলেও ঘন ঘন লোডশেডিং চলতে থাকায় ভ্যাপসা গরমে ঘনবসতিপূর্ণ ক্যাম্পে অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
অন্যদিকে, গোলাহাট ১ নম্বর ক্যাম্পের বাসিন্দারা জানান, তারা ইচ্ছাকৃতভাবে নয়, বরং পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল জানান, এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছেন, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণেই এই সমস্যা হচ্ছে। বিশেষ করে ক্যাম্পে ব্যাপক হারে বৈদ্যুতিক হিটার ব্যবহার করা হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা গেলে লোড কমবে এবং বিদ্যুৎ বিভ্রাটও কমে আসবে।
এ বিষয়ে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো পিএলসির সৈয়দপুর কার্যালয়ের প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, ওই ক্যাম্পগুলোতে অন্যান্য এলাকার মতোই ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। কিন্তু বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। প্রায় প্রতিটি বাসায় বৈদ্যুতিক হিটারসহ উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করায় অতিরিক্ত লোড সৃষ্টি হচ্ছে।
