রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নায়িরুজ্জামান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষতা, গ্রহণযোগ্যতা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নীলফামারীর মানুষের কাছে জনবান্ধব জেলা প্রশাসক হিসেবে পরিচিতি পাওয়া মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ এ সম্মাননা অর্জন করেন। এ অর্জনের খবরে জেলার শিক্ষা প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এটি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; বরং নীলফামারীর প্রাথমিক শিক্ষা উন্নয়নে প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোহাম্মদ নায়িরুজ্জামান জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক করতে নানা উদ্যোগ নেন। তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের নিবিড় তদারকির মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করেন।
এ ছাড়া বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করতে উৎসাহমূলক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, তাঁর প্রত্যক্ষ তদারকিতে জেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ উন্নত হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে।
জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “আমি নীলফামারী জেলায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে কাজ করে যাচ্ছি। শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
