চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট
রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
দেশজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লালমনিরহাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৯ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের দুরাকুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মোগলহাট সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে মাদকের একটি চালান লালমনিরহাট শহরের দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল দুরাকুটি এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
সকাল ৯টার দিকে মোগলহাট থেকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। একপর্যায়ে দুই আরোহীর মাঝখানে রাখা একটি শপিং ব্যাগ থেকে ‘টাপাল-১০০’ ব্র্যান্ডের ২ হাজার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মনির হোসেন (৩৫) ও ইউসুফ আলী (২৮)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি সদর উপজেলার উত্তর তালুক খুটামারা (বানভাসা) এলাকায়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ট্যাবলেটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিক্রির উদ্দেশ্যে তারা এসব ট্যাবলেট শহরে নিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, ট্যাপেন্টাডল মূলত একটি ব্যথানাশক ওষুধ হলেও বর্তমানে এটি তরুণদের মধ্যে নেশাজাতীয় দ্রব্য হিসেবে অপব্যবহৃত হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক সরবরাহ ও বিপণন চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
