×

রংপুর

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৪:২৬ পিএম

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

ছবি: ভোরের কাগজ

নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিচালিত ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে মাটির উর্বরতা বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে ব্যাপক পরিসরে সবুজ সার হিসেবে পরিচিত ধইঞ্চার চাষ করা হয়েছে।

ডোমার বিএডিসি খামার সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে খামারটির ২০০ একর জমিতে ধইঞ্চা চাষ করা হয়েছে, যা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৬০১ একরের এই খামারটিতে দীর্ঘদিন ধরে ভিত্তি বীজ আলু উৎপাদন করা হলেও আলু উত্তোলনের পর বিপুল পরিমাণ জমি কয়েক মাস পতিত অবস্থায় পড়ে থাকত। এতে জমির উৎপাদনক্ষমতা ও পুষ্টিগুণ কমে যেত। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কয়েক বছর আগে পতিত জমিতে ধইঞ্চা চাষের উদ্যোগ নেওয়া হয়।

বিশেষ করে খামারের অনেক জমিতে বেলে মাটির আধিক্য থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেত না। ২০২২ সাল থেকে বেলে মাটির সঙ্গে এঁটেল মাটির সংমিশ্রণ এবং নিয়মিত জৈব সার ও ধইঞ্চা ব্যবহারের ফলে জমির গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর সুফল হিসেবে বর্তমানে আলুর পাশাপাশি বোরো, আউশ ও আমন ধানের ভিত্তি বীজ উৎপাদনেও ভালো ফলন পাওয়া যাচ্ছে।

খামারের উপপরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা দায়িত্ব গ্রহণের পর থেকেই পতিত জমিগুলোকে ধাপে ধাপে চাষাবাদের আওতায় আনা হয়। বর্তমানে খামারটিতে সারা বছর মৌসুমভিত্তিক বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

খামার কর্তৃপক্ষ জানায়, ধইঞ্চা গাছ ৪ থেকে ৫ ফুট উচ্চতায় পৌঁছালে ট্রাক্টরের মাধ্যমে হালচাষ করে তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কয়েক সপ্তাহের মধ্যেই গাছগুলো পচে জৈব পদার্থে পরিণত হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে।

ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপপরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা বলেন, “চলতি উৎপাদন মৌসুমে প্রায় ৫০০ একর জমিতে ভিত্তি বীজ আলু ও ব্রিডার বীজ আলু উৎপাদন করা হয়েছে। আলু উত্তোলনের পর জমিগুলো পতিত না রেখে প্রতি বছর সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করা হচ্ছে। ধইঞ্চা মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি পুষ্টি ধারণক্ষমতা ও পানিধারণ ক্ষমতা বাড়ায়। এছাড়া মাটির গঠন ও বুনট উন্নত করে, যা পরবর্তী ফসলের জন্য অত্যন্ত উপকারী।”

তিনি আরও বলেন, “ধইঞ্চা গাছ মাটিতে মিশে যাওয়ার পর প্রতি হেক্টরে প্রায় ৯০ থেকে ১২০ কেজি নাইট্রোজেন সরবরাহ করে, যা প্রায় ২০০ থেকে ২২০ কেজি ইউরিয়া সারের সমতুল্য। ফলে পরবর্তী ফসল উৎপাদনে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়। দীর্ঘমেয়াদে এটি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন খরচ কমানো এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে।”

তিনি বলেন, “ধইঞ্চা একটি উৎকৃষ্ট সবুজ সার, যা মাটির জৈব উপাদান বৃদ্ধি, পানিধারণ ক্ষমতা উন্নয়ন এবং মাটির গঠন ও বুনট উন্নত করতে কার্যকর ভূমিকা রাখে।”

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারের কারণে দেশের অনেক এলাকার মাটির উর্বরতা কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ধইঞ্চার মতো সবুজ সার ব্যবহারের উদ্যোগ টেকসই কৃষি ব্যবস্থাপনার একটি কার্যকর উদাহরণ। এটি মাটির জৈব উপাদান বৃদ্ধি করার পাশাপাশি রোগবালাই ও আগাছার আক্রমণও কমাতে সহায়তা করে।

পতিত জমিকে উৎপাদন ব্যবস্থার আওতায় এনে এবং ধইঞ্চার মতো সবুজ সার ব্যবহারের মাধ্যমে ডোমার বিএডিসি খামার এখন টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনার একটি সফল মডেলে পরিণত হয়েছে। এর সুফল ভবিষ্যতে দেশের বীজ উৎপাদন ও খাদ্যনিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App