নারী কেলেঙ্কারির অভিযোগ সার্জেন্ট প্রত্যাহার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধা জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইন্সে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন।
এর আগে, গত ১৭ জুন রাতের একটি ঘটনায় শুক্রবার (১৯ জুন) তাকে ক্লোজ করা হয়।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক সচেতনতা নিয়ে ফেসবুকে কনটেন্ট তৈরি করতেন সার্জেন্ট জাহাঙ্গীর। এর সূত্র ধরে ‘নিঝুম’ নামে এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন সার্জেন্ট জাহাঙ্গীর। সে রাতে ওই বাসায় তাঁদের অবস্থানের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘিরে ফেলেন। পরবর্তীতে তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
আরো জানা গেছে, ঘটনার পরপরই মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই রাতেই অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। গতকাল থেকে এই সংক্রান্ত তথ্য ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ীর ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।
