শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকলিমা তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর সেখানে খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে সংবাদ দেন। নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, বিষয়টি মর্মান্তিক। মৃতদের কেউই সাঁতার জানতেন না বলে তিনি জেনেছেন। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, আমরা ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়েছি। ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।
