×

রংপুর

গঙ্গাচড়ায় খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Icon

মজিদ কাজল, গঙ্গাচড়া (রংপুর)

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

গঙ্গাচড়ায় খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ছবি : সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলা খাদ্যগুদামে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী আলহাজ বীর মুক্তিযোদ্ধা আখতার রহমান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গঙ্গাচড়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম খান সরকারি নীতিমালা উপেক্ষা করে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ না করে বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে ধান ক্রয় করছেন। খাদ্যগুদামের ব্যবসায়ী সিন্ডিকেটের অন্যতম হলেন চাল ব্যবসায়ী (মিলার) ফজলু মিয়া, আইয়ুব আলী, জয়নাল আবেদীন, নজরুল ইসলামসহ আরও কয়েকজন।

অভিযোগে বলা হয়, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ক্ষেত্রে প্রতি টনে প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায় করা হচ্ছে। ফলে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে এসব অনিয়ম ও দুর্নীতির পেছনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. উম্মে কুলসুমা খাতুনের মদদ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আখতার রহমান অভিযোগে আরো বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে গত সোমবার (৬ জুলাই) খাদ্যগুদামে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম খান তার সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করেন। একজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও মর্যাদাহানিকর বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

অপর কৃষক আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, "আমি নিজের উৎপাদিত ধান খাদ্যগুদামে দেওয়ার জন্য এক মাস ধরে ঘুরছি, আমাকে বস্তা দেওয়া হচ্ছে না। অথচ খাদ্যগুদামে নিয়মিত ব্যবসায়ীদের অনেক বস্তা দেওয়া হয়েছে। আমাকে এবং আমার মতো চাষিদের বলা হচ্ছে, বস্তা এলে দেওয়া হবে। ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক থাকায় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ ধানচাষীদের এভাবে হয়রানি করছেন।"

অভিযোগে আরও জানা গেছে, লটারির মাধ্যমে ধানচাষী নির্ধারণ করা হলেও তাদের অধিকাংশেরই ধান না থাকায় তাদের পরিবর্তে খাদ্যগুদামের নিয়মিত ব্যবসায়ীরাই ধান কিনে তাদের নামে খাদ্যগুদামে চাষী হিসেবে ধান সরবরাহ করছেন। এতে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ ধানচাষীরা।

উপজেলার সাধারণ ধানচাষীরা বলেন, যেসব চাষি ধান দিতে পারছেন না, তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে নতুন করে প্রকৃত চাষীদের তালিকা তৈরি করে ধান সংগ্রহের মাধ্যমে সরকারের ধান সংগ্রহ অভিযানকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করার দাবি জানিয়েছেন।

এসব বিষয়ে জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. উম্মে কুলসুমা খাতুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগ অস্বীকার করে গঙ্গাচড়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম খান বলেন, “খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হচ্ছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে ধান নেওয়া হয় না। আমার জানামতে কৃষকরা তাদের ধান ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। উৎকোচ নেওয়ার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন।”

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

গণঅভ্যুত্থানে শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App