বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, হতাহত ১৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এতে বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভোর ৩টায় কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। ওই বিয়েতে বরসহ প্রায় ১৫ জন বরযাত্রী এসেছিলেন।
বিয়ে শেষে কনেকে নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরে রাত আনুমানিক ৩টার দিকে গাড়িটি শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং মাইক্রোবাসটি সড়কের পাশের একটি খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর মাইক্রোবাসটিতে থাকা বর-কনেসহ অন্তত ১৪ জন আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া, বর-কনেসহ বাকি ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, ‘রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পরে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।’
