বেরোবিতে বাসভবনসহ গেস্ট হাউজ নির্মাণ কাজের উদ্বোধন
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: ভোরের কাগজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রারের বাসভবন কাম গেস্ট হাউজ ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টায় ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এ সময় উপাচার্য বলেন, এই ভবনের নির্মাণ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের আবাসন নিশ্চিত হবে এবং দূর-দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিদের জন্য উন্নত ও সময়োপযোগী গেস্ট হাউজ সুবিধা প্রদান সহজ হবে।
আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি
তিনি জানান, নির্মাণকাজে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন, একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদ রানা, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ কর্মকর্তা, কর্মচারী ও অবকাঠামো নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
