×

ধর্ম

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৪ পিএম

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু বৃহস্পতিবার

ছবি : ভোরের কাগজ

ধর্মীয় সম্প্রীতি, দেশের সমৃদ্ধি ও মানবকল্যাণে দেশে নয় দিনব্যাপী রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৬ জুলাই)। শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রার এই বর্ণাঢ্য আয়োজন করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। ঢাকা ছাড়াও চট্টগ্রামসহ দেশের ১২৮টি এলাকায় একইভাবে এই উৎসব উদযাপন করা হবে।

মহোৎসবে শৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এছাড়া রথযাত্রা মহোৎসবে ইস্কনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। 

সোমবার (১৩ জুলাই) ইস্কন স্বামীবাগ মন্দিরে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রথযাত্রা মহোৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী।

আয়োজকরা জানান, এবারের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ধর্মীয় নাটক, সংকীর্তনসহ থাকছে নানা আয়োজন।

প্রতি বছরের মতো এবারো জগন্নাথদেবের রথযাত্রা শুরুর দিন বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর ইসকন স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করা হবে। বিকেল ৩টায় ইসকন স্বামীবাগ মন্দির থেকে বের হবে শ্রী শ্রী জগন্নাথদেবের রথ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। 

জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে সন্ধ্যা ৭টার দিকে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গনে রথ পৌঁছাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

রথযাত্রার সমাপনী দিনে ২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে স্বামীবাগ মন্দিরে ফিরে আসবে। এদিনও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম উপস্থিত থাকবেন।

আয়োজকরা বলেন, রথযাত্রা একটি সার্বজনীন উৎসবে পরিণত হচ্ছে। শোভাযাত্রা অসংখ্য মানুষের অংশগ্রহণ এটিই প্রমাণ করেছে। 

ইসকনের বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এ উৎসবে সামিল হয়। এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা হবে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। মহোৎসব সফল করতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো ধরণের আশঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। তিনি বলেন, প্রকৃতপক্ষে ভারতের উড়িষ্যায় পুরী রথযাত্রার পর ইস্কন ঢাকার রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। বাংলাদেশে এ বছর ইস্কনের আয়োজনে ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুন্দরভাবে উৎসব সম্পন্ন হবে প্রত্যাশা করে ভক্তিময় নিতাই স্বামী উৎসব এবং শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য সনাতন সম্প্রদায়সহ ভক্তদের প্রতি অনুরোধ জানান। 

ইসকনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, ইসকন একটি অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংস্থা। বিশ্ববব্যাপী এর কার্যক্রম চলমান। ধর্ম চর্চার পাশাপাশি সামাজিক কার্যক্রমও চালানো হচ্ছে। অজানা কারণে একটি বিশেষ গোষ্ঠী ইসকনের নামে অপপ্রচার চালাচ্ছে, বিশেষ ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। এতে ইসকনের কোনো ক্ষতি হবে না।

শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী বলেন, ইস্কন বাংলাদেশ বিশ্বাস করে, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ় করবে।

সভায় জানানো হয়, প্রেম-পুরুষোত্তম ভগবান শ্রীচৈতন্যদেবের প্রেমধর্মে দীক্ষিত ভারতীয় সন্ন্যাসী, ইস্কনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রথযাত্রার বিশ্বায়ন ঘটিয়েছেন।

ইসকনের উদ্যোগে ১৯৬৭ সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সর্বপ্রথম শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। বর্তমানে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, রাশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তানসহ পৃথিবীর প্রায় সব দেশের বড় বড় শহরে রথযাত্রা উদযাপিত হয়।

জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো সামাজিক মেলবন্ধন। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা প্রভু। তাঁর কাছে উঁচু-নিচু, ধনী-দরিদ্র, সাদা-কালো সবাই সমান। তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাই এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারে। এভাবে সবার মধ্যে সৌহার্দ্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ তথা সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে এবং হিংসা-বিভেদহীন এক সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে এই রথযাত্রা।

এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশবাসীর প্রতি, বিশেষ করে বর্তমান সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, সংবাদমাধ্যম, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, গণমাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনসহ সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটি সদস্য শ্রী বিমলা প্রসাদ দাস, শ্রী হৃষিকেশ গৌরাঙ্গ দাস ও শ্রী শুভ নিতাই দাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি

গোলাম পরওয়ার ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

মাদকের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App