ট্রাম্প প্রশাসনের সহায়তায় কৃতজ্ঞ ভেনেজুয়েলা: রদ্রিগেজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির চলমান সংকটকালে সমর্থন ও সহায়তা প্রদর্শনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ভেনেজুয়েলাকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম। তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন।
বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরো পড়ুন : ভেনিজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মোদী
শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরো সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
উল্লেখ্য, ছয় মাসেরও কম সময় আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় একটি সামরিক অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল।
