×

খেলা

এমবাপ্পের জোড়া গোলে শিরোপার খুব কাছে পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০২:১৩ পিএম

এমবাপ্পের জোড়া গোলে শিরোপার খুব কাছে পিএসজি

ছবি: সংগৃহীত

৮ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পের দুই গোল। প্রথমটায় বল বাড়িয়েছেন ফ্যাবিয়ান, পরেরটায় লিওনেল মেসি। দুই গোলেই এমবাপ্পের ফিনিশিং ছিল দুর্দান্ত। ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ৫১ মিনিটে অসেরের হয়ে ল্যাসাইন সিনায়োকো একটা গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর নাটকীয় কিছু হয়নি। পিএসজি ম্যাচ জিতেছে ২-১ গোলে।

এ জয়ে লিগ আঁ-তে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৮৪। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং ওদিকে লাঁস নিজেদের দুই ম্যাচেই জিতে, দুই দলেরই পয়েন্ট সমান হবে। লিগ আঁ-র নিয়মানুযায়ী শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় গোল ব্যবধান। আপাতত পিএসজির গোল ব্যবধান +৫০, লাঁসের +৩৪।

বাকি দুই ম্যাচে এই ব্যবধান ঘোচানো লাঁসের জন্য প্রায় অসম্ভবই বলা যায়। তাই কাগজে কলমে এখনো চ্যাম্পিয়ন না হলেও এই ম্যাচের পর মেসি-এমবাপ্পেরা এখন নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পারেন। পিএসজির জন্য এটা অবশ্য নতুন কোনো অভিজ্ঞতা নয়, সর্বশেষ ১০ মৌসুমে ৮ বারই ফরাসি লিগের চ্যাম্পিয়ন তারা।

৮ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যাওয়া পিএসজি আজ বিরতির আগেই ৩-০ করে ফেলতে পারত। কিন্তু উগো একিতিকে একটা সহজ সুযোগ নষ্ট করেছেন। শেষ দিকে এমবাপ্পেও পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। তবে যোগ হওয়া সময়ে বল অসেরের জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।

লিগে এই মৌসুমে ৩২ ম্যাচে ২৮ গোল হলো এমবাপ্পের। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকারই। ৩৩ ম্যাচে ২৬ গোল নিয়ে দুই নম্বরে লিওঁর স্ট্রাইকার আলেকজান্দ্রে লাকাজেতে। লিগ আঁ-র গোল্ডেন বুটের লড়াইটা মূলত এ দুজনের মধ্যেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App