ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের একাদশ ঘোষণা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ পিএম
ছবি : পাকিস্তান ক্রিকেট টিম
গ্রুপপর্বের পর এবার সুপার ফোরের ম্যাচেও একদিন আগে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। টাইগারদের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়া স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ফাহিম আশরাফ নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কার হিসেবে রয়েছেন ভারত ম্যাচেও।
বাংলাদেশের বিপক্ষে খেলা ব্যাটারদের নিয়ে তেমন সমস্যায় পড়েনি পাকিস্তান। ফলে একই ব্যাটিং অর্ডার নিয়েই তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
এদিকে, পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করছেন পাকিস্তানি পেসাররা। তিন বিশেষজ্ঞ পেসার শাহিনশাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহর পেস বোলিং এবং অলরাউন্ডার ফাহিম এর বোলিং তোপে দিশেহারা ছিল বাংলাদেশি ব্যাটাররা। গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের তিন পেসার মিলেই তুলে নিয়েছেন ১০ উইকেট।
এদিকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে শুরুতেই ভারতীয় ব্যাটিংকে নাড়িয়ে দিয়েছিলেন পাক পেসাররা। যদিও পরে ঈষাণ কিশান ও হার্দিক পান্ডিয়া সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন। দুজনেই খেলেছেন ৮০-ঊর্ধ্ব ইনিংস। পরবর্তীতে বৃষ্টিতে পণ্ড হয়ে যায় সেই ম্যাচ।
অবশ্য আজকের ম্যাচেও বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের জন্য একদিন রিজার্ভ-ডে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলি (এসিসি)। সেকারণে ম্যাচটিতে দুদল ন্যুনতম ২০ ওভার না খেললে, পরেরদিনও (সোমবার) তাদের খেলার সুযোগ রয়েছে। এসিসির এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও এতে সমর্থন দিয়েছে টুর্নামেন্টে টিকে থাকা বাকি দুই দল বাংলাদেশ-শ্রীলঙ্কা।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
