নতুন সঙ্গী পেলেন ম্যাওয়েদার
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০৩:৩৬ পিএম
বয়স ৪১ বছর, এখনো বিয়ে করেননি আমেরিকান কিংবদন্তি সাবেক বক্সার ফ্লয়েড ম্যাওয়েদার। তবে একাধিক ললনার সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়েছেন। আংটিও বদল করেছেন বেশ কয়েকজনের সঙ্গে। চূড়ান্ত পর্যায়ে আর যেতে পারেননি। এর আগেই সম্পর্কে ইতি টেনেছেন তিনি। হয়তোবা বিয়ে না করাকেই ব্রত হিসেবে নিয়েছেন বক্সিংয়ে ৫০টি শিরোপাজয়ী এ তারকা খেলোয়াড়। এবার নতুন এক সুন্দরীর সঙ্গে দেখা গেছে তাকে। গতকাল আমেরিকার মিনেসোটায় বাস্কেট বল খেলা দেখতে গেলে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। তবে ফ্লয়েড ম্যাওয়েদার নিজেকে আর লুকাননি, ক্যামেরার আড়াল হতে চেষ্টা করেছেন তার বান্ধবী লিজা হারনান্দেজ নিজেই।
১৯৯৩ সালে মাধ্যমিকে পড়াকালে জসি হারিস নামে এক সুন্দরীর সঙ্গে ম্যাওয়েদার প্রথম প্রণয়ে জড়ান। সময়ের হিসেবে এ প্রেমটাই বেশি টিকিয়ে রেখেছেন আমেরিকান তারকা। দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক শেষে ২০০৭ সালে বিচ্ছেদ করেন তারা। অবশ্য এর আগে ২০০৫ সালে আংটিও বদল করেন এ জুটি। হারিসের গর্ভে ম্যাওয়েদারের তিন সন্তান জন্মগ্রহণ করেছে। এর মধ্যে দুই ছেলের নাম কুরান ম্যাওয়েদার ও জিয়ন ম্যাওয়েদার এবং মেয়ের নাম জিরাহ ম্যাওয়েদার। বিচ্ছেদের পরে ২০১০ সালে হারিসকে উত্ত্যক্ত করার জন্য ফ্লয়েডকে ২০১২ সালে জেলও কাটতে হয়। ম্যাওয়েদারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় জসি হারিস তার জীবন কাহিনী নিয়ে একটি বইও লিখেছেন। হারিসের সঙ্গে প্রেম থাকাকালেও ম্যাওয়েদার বেশ কয়েকজন নারীর সঙ্গে ডেটিং করেছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো ১৯৯৮ সালে মেলিসা বেরিমের সঙ্গে প্রণয়ের ঘটনাটি। এরপর হারিসের সঙ্গে বিচ্ছেদের এক বছর আগে প্রেম করেছেন সান্টেল জ্যাকসনের সঙ্গে। এ ছাড়া তিনি জেসিকা বুরসিয়াগা, ডোরালি মেডিনা আবি ক্লারকেসহ বহু নারীর সঙ্গে প্রেম করেছেন। বর্তমানে তার মোট চার ছেলেমেয়ে।
