পদোন্নতি পেয়েছেন রোনালদোকে লালকার্ড দেওয়া রেফারি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৭, ০২:৫১ পিএম
ক্রিস্তিয়ানো রোনালদোকে লালকার্ড দেওয়া রেফারি রিকার্ডো ডি বার্গোস পদোন্নতি পেয়েছেন । মজার কথা হলো হলো, ঘটনার সাড়ে তিন মাসের মাথায় সেই রেফারিই পেলেন পদোন্নতি।
তাও ছোটখাট পদোন্নতি নয়। স্পেনের ঘরোয়া রেফারি থেকে রিকার্ডো ডি বার্গোস বেনগোয়েক্সা এক লাফে বনে গেলেন আন্তর্জাতিক রেফারি। ঢুকে পড়েছেন ফিফার অসিফিয়াল রেফারিদের তালিকায়।
সম্প্রতি আন্তর্জাতিক রেফারি থেকে অবসর নিয়েছেন স্পেনের কার্লোস ক্লোস গোমেজ। ৩১ বছর বয়সী রিকার্ডো ডি বার্গোস বেনগোয়েক্সা তারই স্থলাভিষিক্ত হয়েছেন। তাকে নিয়ে ফিফার শীর্ষ রেফারিদের তালিকায় মোট ৮ জন স্প্যানিয়ার্ড আছেন। সামনে তাই শুধু স্প্যানিশ ঘরোয়া ফুটবলে নয়, ৩১ বছর বয়সী বেনগোয়েক্সাকে দেখা যাবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করতেও।
১৯৮৬ সালে বিলবাওতে জন্ম নেওয়া বেনগোয়েক্সাও স্পেনের আর দশজন ছেলের মতো বড় ফুটবলারই হতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে হতাশ না হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে অল্প বয়সেই বদলে ফেলেন জীবনের লক্ষ্য।
ফুটবলার হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়ে নেমে পড়েন রেফারি হওয়ার লড়াইয়ে। ঈশ্বরের আশির্বাদে ২০১৫-১৬ মৌসুমেই রেফারি হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায় তার। দুই বছরের মাথায় হয়ে গেলেন আন্তর্জাতিক রেফারিও।
এখন নিশ্চয় বিশ্বকাপ ম্যাচ পরিচালনার স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছেন।
