সাকিবকে বাদ দেয়া উচিৎ: তামিম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ০২:২১ পিএম
ছবি: সংগৃহীত
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। সোমবার (১০ মে) রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন কেবল ১ ওভার। ৬ রান দিয়ে ছিলেন উইকেটহীন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানে ফিরে আসার পর কাল দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আউট হয়েছেন মাত্র ৩ রানেই। তার চেয়ে দুঃখজনক বাজে শটে নিজের উইকেট দিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিব-তামিমের সম্পর্কের অবনতিমূলক পরিস্থিতি। গত বিশ্বকাপের আগে তামিমকে আনফিট বলে দলে না রাখার কথাই বলেছিলেন সাকিব।
ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে দলের সেরা বোলার হিসেবে বোলিংয়ে সাকিবকে কেন ৪ ওভার করানো হলো না?- তা জানতে চাওয়া হয়েছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাছে।
আরো পড়ুন: ‘লজ্জা’ থাকলে সাকিবের অবসর নেয়া উচিত: শেবাগ
তামিম উত্তরে দিয়েছেন ক্রিকেটীয় ব্যাখ্যা, ‘সে আমাদের সেরা বোলার। এখন প্রশ্ন উঠতেই পারে এ নিয়ে। হ্যাঁ, আমিও বলব-সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে বাদ দেয়া উচিত।’
দক্ষিণ আফ্রিকার কাছে হার নিয়ে তামিম জানিয়েছেন হতাশা। ধরিয়ে দিয়েছেন ম্যানেজমেন্টের ভুলও, ‘আমরা দেখেছি এই স্টেডিয়ামে অল্প রানের ম্যাচও জেতাচ্ছে বোলারারা। আর হেরে যাওয়া দল অলআউট কিন্তু হচ্ছে না। আমরাও হইনি। এ ধরনের পরিস্থিতিতে জাকের আলী বা রিশাদ হোসেনকে আগে পাঠানো যেত । আর তাকে বলতে হত, ৬ বলে ১২ করে আস, আউট হলেও সমস্যা নেই। পরে দায়িত্ব নেবে সিনিয়ররা। এ ধরনের কিছুর অভাব ছিল আমাদের।’
