উইকেটের বালু খেয়ে অন্যরকম উদযাপনের কারণ জানালেন রোহিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০২:৫০ পিএম
রোহিত শর্মা, ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জিতেছে ভারত। একইসঙ্গে ১১ বছর পর আইসিসির শিরোপা খরা কাটিয়েছে টিম ইন্ডিয়া। এমন জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এসবের মাঝে অধিনায়ক রোহিত শর্মাকে ভিন্ন এক উদযাপন করতে দেখা যায়। পিচের মাটি আঙুল দিয়ে খুঁচিয়ে পুরে মুখে নিয়েছিলেন তিনি। এবার সেই উদযাপনের কারণ জানিয়েছেন রোহিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে রোহিতের ভাষ্য, আমি মনে করি না, বর্ণনা করতে পারব। কারণ, কোনো কিছুই পূর্বপরিকল্পিত ছিল না। এটা পুরোটাই প্রকৃতিগত ছিল, আমি প্রতিটি মুহূর্ত অনুভব করছিলাম। আমি তখন পিচে গিয়েছিলাম। কারণ, সেই পিচ আমাদের এটা (বিশ্বকাপ) দিয়েছে। আমরা সেই নির্দিষ্ট পিচে খেলেছি এবং সেই নির্দিষ্ট মাঠে আমরা খেলা জিতেছি।
কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা। তাই সেই পিচকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন রোহিত।
তার মতে, আমি আমার জীবনে চিরকাল সেই মাটি এবং সেই পিচটিকেও মনে রাখব। তাই আমি আমার সঙ্গে এর একটি টুকরা রাখতে চেয়েছি। ওই মুহূর্তগুলো খুবই বিশেষ এবং সেই জায়গা যেখানে আমাদের সমস্ত স্বপ্ন সত্য হয়েছিল। তাই আমি এর (পিচ) কিছু চেয়েছিলাম।
রোহিত যোগ করেন, অনুভূতিটা পরাবাস্তব। একটি দুর্দান্ত মুহূর্ত, যখন খেলাটি শেষ হয়েছে; তখন থেকে এখন পর্যন্ত, এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরা এখনও অনুভব করছি, এটা ঘটেনি। যদিও এটি ঘটেছে, মনে হচ্ছে এটি ঘটেনি। এই আবেগ আমাদের দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখার, দীর্ঘ সময়ের জন্য একটি ইউনিট হিসাবে কঠোর পরিশ্রম করার। আমাদের সঙ্গে এটা (ট্রফি) দেখতে বেশ স্বস্তিবোধ করছি। কারণ, আপনি যখন কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করেন এবং অবশেষে আপনি এটি পেয়ে যান এটা সত্যিই খুব সুন্দর।
এখন পর্যন্ত সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা রোহিত শর্মা ২০০৭ সালের আসরের পর ২০২৪ আসরও জিতলেন। আগেরবার দলের সাধারণ সদস্য ছিলেন, আর এবার অধিনায়ক হিসেবে জিতলেন। বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণাও দেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া রোহিত শিরোপা জয় নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।’
