আর্জেন্টিনার অলিম্পিক শুরু আজ, প্রতিপক্ষ মরক্কো
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
আর মাত্র দু’দিন পরই পর্দা উঠছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াআসর অলিম্পিক গেমসের। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কয়েকটি ইভেন্ট মাঠে গড়াচ্ছে। এর মধ্যে বুধবার (২৪ জুলাই) থেকে গড়াচ্ছে ফুটবল ইভেন্ট। এবার ১৬টি দেশের অনূর্ধ্ব-২৩ দল এবারের ফুটবল ইভেন্টে অংশ নেবে।
বুধবার সন্ধ্যা ৭টায় স্টেড জিওফ্রয়-গুইচার্ডে ফুটবলের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ২০০৮ অলিম্পিকের স্বর্ণপদকজয়ী আর্জেন্টিনা। একই সময়ে পার্ক ডে প্রিন্সেসে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ১৯৯২ অলিম্পিকের স্বর্ণজয়ী স্পেন এবং উজবেকিস্তান।
এদিকে রাত ৯টায় লা বেউজোয়ার-লুই-ফন্টেনিউতে মিশরের প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিক। আলিয়াঞ্জ রিভেরায় ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে গিনি। অন্যদিকে গ্রুপমা স্টেডিয়ামে রাত ১১টায় ‘বি’ গ্রুপে মুখোমুখি ইরাক ও ইউক্রেন। ‘ডি’ গ্রুপে ম্যাটমুট আটলান্টিকে একই সময়ে প্যারাগুয়ের প্রতিপক্ষ জাপান।
অলিম্পিক ফুটবলে মোট ১৬টি দল অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ৪টি করে দল রেখে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে শীর্ষস্থানীয় দুই দল কোয়ার্টার ফাইনালে যাবে। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল হবে।
এবার অনূর্ধ্ব–২৩ বছর বয়সীরা খেললেও বেশি বয়সী তিনজন খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে বিশ্বকাপজয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই আছেন। অন্যদিকে মরক্কো দলে বেশি বয়সী হিসেবে পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই রয়েছেন।
‘এ’ গ্রুপ : ফ্রান্স, আমেরিকা, গিনি এবং নিউজিল্যান্ড
‘বি’ গ্রুপ : আর্জেন্টিনা, মরক্কো, ইরাক এবং ইউক্রেন
‘সি’ গ্রুপ : স্পেন, উজবেকিস্তান, মিশর এবং ডমিনিকান প্রজাতন্ত্র
‘ডি’ গ্রুপ : জাপান, প্যারাগুয়ে, মালি এবং ইসরায়েল
