প্যারিস অলিম্পিক
দক্ষিণ কোরিয়ার নারী আর্চারের বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ১১:৪৫ এএম
ছবি- সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি প্যারিস অলিম্পিক। শুরুর অপেক্ষায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের ৩৩তম আসর। বরণ করতে প্রস্তুত ফ্রান্সের প্যারিস। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় শুরু হবে।
তবে এর আগেই ফুটবল, রাগবি, আর্চারিসহ কয়েকটি ইভেন্ট শুরু হয়ে গেছে। আর এতে রীতিমতো বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার লিম সিহিয়েওন।
প্রথমবার অলিম্পিকে এসে নারী ব্যক্তিগত রিকার্ভ আর্চারিতে সর্বোচ্চ পয়েন্টের বিশ্বরেকর্ড গড়েছেন কোরিয়ান এই আর্চার। র্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৯৪ পয়েন্ট পেয়েছেন তিনি। এর আগে, কোনো নারী এতো পয়েন্ট পাননি।
অবাক হওয়ার বিষয়, আগের রেকর্ডটিও ছিল কোরিয়ান আরেক আর্চারের। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৬৯২ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন কাং চেইয়োং। এবার সেই রেকর্ডই ভাঙলেন সিহিয়েওন।
এই রেকর্ড গড়ে খুশি সিহিয়েওন। তার ভাষ্য, ‘এটা আমার প্রথম অলিম্পিক হওয়ায় সর্বোচ্চটুকু নিংড়ে দিতে চেয়েছিলাম। এর জন্য সেভাবে প্রস্তুতিও নিয়েছি। আমি শুধু চেষ্টা করেছি খেলাটি উপভোগ করতে। এখন ফল আমার পক্ষে।’
এদিকে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয় রেকর্ডও গড়েছে দক্ষিণ কোরিয়া। দলীয় ক্যাটাগরিতে তাদের ২০৪৬ স্কোর এখন অলিম্পিকে সর্বোচ্চ।
