জুলাইয়ে আইসিসির মাস–সেরা অ্যাটকিনসন ও আতাপাত্তু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড পেসার গাস অ্যাটকিনসন ও নারী বিভাগে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের পেসার চার্লি ক্যাসেলকে টপকে সেরার স্বীকৃতি পেয়েছেন ইংলিশ এই পেসার। অন্যদিকে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে পেছনে ফেলেছেন আতাপাত্তু।
এর আগে, গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ২৬ বছর বয়সী অ্যাটকিনসনের লংগার ভার্সনে অভিষেক হয়। লর্ডসে ইংল্যান্ড কিংবদন্তী জেমস অ্যান্ডারসনের শেষ টেস্টটি অ্যাটকিনসনের প্রথম ছিল। এ ম্যাচে ১২ উইকেট নেন তিনি। সিরিজের পরের দুই টেস্টে আরও ১০ উইকেট নেন।
পুরস্কার পেয়ে অ্যাটকিনসন বলেন, ‘আইসিসির মাস সেরার পুরস্কার পাওয়াটা সত্যিকারের অর্জন মনে করি। আমার টেস্ট ক্যারিয়ারের শুরুটা অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের হয়ে প্রথম সিরিজে এমন সাফল্য সত্যিই আমি কখনো ভাবিনি।’
এদিকে আতাপাত্তুর জন্য এই স্বীকৃতি নতুন কিছু নয়। এ নিয়ে তৃতীয়বার আইসিসির মাসসেরা হলেন লঙ্কান অধিনায়ক। নারীদের মধ্যে তিনবার করে এই পুরস্কার জিতেছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস এবং অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার।
ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবার নারী এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা, এতে সামনে থেকে নেতৃত্ব দেন আতাপাত্তু। টুর্নামেন্টে ১৪৬ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করার পাশাপাশি তিন উইকেটও নেন।
আতাপাত্তুর ভাষ্য, ‘তৃতীয়বারের মতো আইসিসির নারীদের মাসসেরা ক্রিকেটার হিসেবে আমাকে বেছে নেওয়াতে আমি খুশি ও সম্মানিত। নিজের প্রচেষ্টার এমন স্বীকৃতি পাওয়াটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এটি অর্জিত হয়েছে, আমার সতীর্থ আর কোচদের সহায়তায়।’
