দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হবেন নতুন বিসিবি সভাপতি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম
ফারুক আহমেদ
প্রায় একযুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এলো পরিবর্তন। রাজনৈতিক পালাবদলের পর সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে পরিচালনা পর্ষদের জরুরি সভায় পদত্যাগ করেন তিনি।
পাপনের উত্তরসূরী হিসেবে নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে সচিবলায়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। বিসিবি জানিয়েছে, দুপুর ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে কথা বলবেন ফারুক।
জরুরি বৈঠক শেষে নিজেই এই তথ্য জানান ফারুক আহমেদ। তার ভাষ্য, এখানে অনেক সাংবাদিক আসতে পেরেছেন। অনেকেই আসতে পারেননি। তাই আমার মনে হয়, এটা সবার জন্য ফেয়ার গেম হবে; যদি আমরা সবাই স্টেডিয়ামে আসি। সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের উত্তর সেখানেই দেয়া হবে।
এর আগে, বোর্ড পরিচালকদের জরুরি সভায় বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের ১৫তম সভাপতি এবং মেয়াদের বিচারে ১৭তম সভাপতি হচ্ছেন তিনি।
এরও আগে, পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
জালালের শূন্য পদে ফারুককে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে তাকে সভাপতি নির্বাচন করা হয়।
বেশ আগে থেকেই দেশের ক্রিকেটের সঙ্গে সখ্যতা ফারুক আহমেদের। ১৯৯৩-৯৪ মৌসুমে জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০৩ সালে প্রথমবার এই পদে বসেছিলেন তিনি। এরপর পাপনের বোর্ডেই ২০১৩ সালে আরেকবার নির্বাচক হন তিনি। তবে ২০১৬ সালে সরে দাঁড়ান তিনি।
অন্যদিকে ২০১২ সাল থেকেই বোর্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন পাপন। তার সময়ে বেশকিছু উল্লেখযোগ্য অর্জনও পেয়েছে দেশের ক্রিকেট। তবে নিজের মেয়াদের শেষদিকে দ্বিতীয়বারের মতো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ, বোর্ডের কর্তাদের মধ্যে অন্তঃকলহে পরিবেশ কিছুটা ভিন্নখাতে প্রবাহিত হয়েছিল।
২০১৩ সালের পর ২০১৭ ও ২০২১ সালে টানা তিন মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৩ সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত দুই নির্বাচনে আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হন।
আগামী বছরের অক্টোবরে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক পালাবদলে পাপনের সরে যাওয়া বিষয়টি ব্যাপক আকারের গুঞ্জনে রূপ নেয়। টানা তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি । সবশেষ ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। শেষমেশ সরেই দাঁড়ালেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন পাপন।
