দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন সভাপতি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর তার উত্তরসূরি হিসেবে নতুন বোর্ডপ্রধান হলেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিসিবির পেজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। তার দাবি, দেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য।
নতুন সভাপতির ভাষ্য, 'লক্ষ্য অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি। দেশের মুখ উজ্জ্বল করা। দলকে একটা জায়গায় (ভালো) দেখতে চাই। কীভাবে দেখব সেটা অনেক বড় একটা ব্যাপার। সুতরাং অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে।'
ফারুক যোগ করেন, 'অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, এসব নিয়ে প্রশ্ন আছে। আমাদের প্রথম ও প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা অন্য দিকে যেন সরে না যাই। সুতরাং বাংলাদেশ, বাংলাদেশের ক্রিকেট সব মিলিয়েই এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।'
এর আগে, বোর্ড পরিচালকদের জরুরি সভায় বিসিবির সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডের ১৫তম সভাপতি এবং মেয়াদের বিচারে ১৭তম সভাপতি হচ্ছেন তিনি।
এরও আগে, পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
জালালের শূন্য পদে ফারুককে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে তাকে সভাপতি নির্বাচন করা হয়।
বেশ আগে থেকেই দেশের ক্রিকেটের সঙ্গে সখ্যতা ফারুক আহমেদের। ১৯৯৩-৯৪ মৌসুমে জাতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০৩ সালে প্রথমবার এই পদে বসেছিলেন তিনি। এরপর পাপনের বোর্ডেই ২০১৩ সালে আরেকবার নির্বাচক হন তিনি। তবে ২০১৬ সালে সরে দাঁড়ান তিনি।
অন্যদিকে ২০১২ সাল থেকেই বোর্ডের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন পাপন। তার সময়ে বেশকিছু উল্লেখযোগ্য অর্জনও পেয়েছে দেশের ক্রিকেট। তবে নিজের মেয়াদের শেষদিকে দ্বিতীয়বারের মতো প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নিয়োগ, বোর্ডের কর্তাদের মধ্যে অন্তঃকলহে পরিবেশ কিছুটা ভিন্নখাতে প্রবাহিত হয়েছিল।
২০১৩ সালের পর ২০১৭ ও ২০২১ সালে টানা তিন মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৩ সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত দুই নির্বাচনে আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হন।
আগামী বছরের অক্টোবরে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক পালাবদলে পাপনের সরে যাওয়া বিষয়টি ব্যাপক আকারের গুঞ্জনে রূপ নেয়। টানা তিন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি । সবশেষ ক্রীড়ামন্ত্রীও হয়েছিলেন। শেষমেশ সরেই দাঁড়ালেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন পাপন।
