বিসিবির জরুরি সভা বৃহস্পতিবার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুরুত্বপূর্ণ সভায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভায় সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক আকরাম খান জানান, সভায় কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।
গণমাধ্যমে আকরাম বলেন, ‘সভাপতি বলেছিলেন, প্রথম টেস্টের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমি যতদূর জানি আমরা এখনও কোন আইনি নোটিশ পাইনি। এমন কিছু হলে পরে আমরা সিদ্ধান্ত নিবো।’
বোর্ডের সবশেষ সভায় নতুন দুইজন বাদে বাকি ৮ জন পরিচালক উপস্থিত ছিলেন। সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান পাপন পরিচালক পদে রয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বেশ কয়েকজন পরিচালক জড়িত আছেন এবং এখনও তাদের দেখা যায়নি।
সংবিধান অনুযায়ী, কোন পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়ে যাবে। বৃহস্পতিবারের সভার পরও পরিচালক থাকবেন তারা। কিন্তু এরপরের সভায়ও অনুপস্থিত থাকলে পদগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য হতে পারে। জানা গেছে, বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে অনুপস্থিত থাকায় তাদের দায়িত্বে থাকা কমিটিগুলো বর্তমান পরিচালকদের মধ্যে ভাগ হয়ে যেতে পারে।
প্রথমে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জালাল ইউনুস। বৃহস্পতিবারের সভার পর নতুন ক্রিকেট অপারেশন্স প্রধানকে দেখা যেতে পারে।
সভায় সবচেয়ে সবচেয়ে বড় ইস্যু হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়টি। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি।
