ধারাভাষ্যে সাকিবকে নিয়ে যে মন্তব্য করলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
কমেন্ট্রি নিয়ে তামিম ইকবালের বিশেষ আগ্রহের বিষয়টি কারোর অজানা নয়। ক্রিকেট ছাড়ার পর কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর না নিলেও সাবেক এই অধিনায়ককে পুরোদমে ধারাভাষ্যে দেখা গেল।
এর আগে অতিথি ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও এবার গোটা সিরিজেই তাকে দেখা যাবে। ভারত সিরিজে আতহার আলী খান, হার্শা ভোগলেদের সঙ্গে তামিমও থাকছেন।
এদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে সাকিব আল হাসান ও তামিমের মধ্যকার বৈরী সম্পর্কের বিষয়টি বিশ্ব ক্রিকেটে বেশ রসদ জুগিয়েছিল। এবার ভারত সিরিজের ধারাভাষ্যকক্ষেও এলো সাকিব প্রসঙ্গ।
সহ-ধারাভাষ্যকার হার্ষা ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলেও, অসাধারণ বোলিং করে গেছে। তবে সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!
এ সময়ে ভোগলে বলেন, তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মিরাজ। মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে হাথুরুসিংহেও এমনটাই জানিয়েছেন।
জবাবে তামিম বলেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানীং ‘স্ট্রাগল’ করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি।
