সাকিবের নিরাপত্তার দায়িত্বে বিসিবির ‘না’
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পিএম
সাকিব আল হাসান
বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। একটা সময়ে তিনিই বলেছিলেন, জাতীয় দলে ড্রাইভিং সিটে যখন থাকবেন না, তখনই লাল-সবুজের দল থেকে সরে যাবেন। এবার কানপুর টেস্টের আগে আনুষ্ঠানিক সেই ঘোষণাই দিলেন। সেখানে সংবাদ সম্মেলনে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
সেখানে এ-ও জানালেন, দেশের মাটিতে অক্টোবরে শেষ টেস্ট খেলতে চান। তবে সেজন্য চান নিরাপত্তা।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। আর ৫ আগস্ট সরকার বিদায়ের পর রাজনৈতিক পটপরিবর্তনে সাকিবের মাথায় হত্যা মামলার খড়্গ। তাই দেশে ফেরার পর তার নিরাপত্তা ঝুঁকিও আছে।
সংবাদ সম্মেলনে নিজের নিরাপত্তা নিয়ে সাকিব বলেন, ‘আমি দেশে গিয়ে যেন খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
এদিকে সাকিবের সংবাদ সম্মেলনের প্রায় ঘণ্টা তিনেক পরই সংবাদ সম্মেলনে আসেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। সেখানেও উঠে এলো সাকিবের নিরাপত্তা প্রসঙ্গ। জবাবে বিসিবি বস জানালেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে না। সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে। একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের।’
ফারুক আরও বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি।’
সাবেক এই অধিনায়কের নিরাপত্তা নিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলেই মনে করেন ফারুক। তার মতে, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’
