মাহমুদউল্লাহ-মিরাজে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম
বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে অলিখিত ফাইনালে উড়ন্ত শুরু করেছিল বাংলাদেশ। তবে দলীয় ৫০ পেরোনোর পর হঠাৎ ছন্দপতনে ১৯ রান ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। সেখান থেকে মিরাজ ও মাহমুদউল্লাহর ব্যাটে একশ ছুঁয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০ রান। মিরাজ ৩৮ ও মাহমুদউল্লাহ ২৬ রানে ক্রিজে আছেন।
এর আগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোড়াপত্তনে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্য আক্রমণাত্মক খেললেও দেখেশুনেই স্কোরশিট সচল রেখেছিলেন তামিম। সাবলীল ব্যাটিংয়ে ৮ দশমিক ২ ওভারেই দলীয় ৫০ পার করেন এই দুই ওপেনার। তবে দলীয় ৫৩ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।
আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে ২৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। তার বিদায়ের পর আরেক ওপেনার তামিমও সাজঘরের পথ ধরেন। নবির বলে শাহীদীর হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ১৯ রান করে ফেরেন দু'বার জীবন পাওয়া এই ওপেনার।
তিনে নেমে জাকির হাসানও দেখেশুনেই খেলছিলেন। তবে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বেশিক্ষণও ক্রিজে থাকতে পারেননি শান্তর জায়গায় সুযোগ পাওয়া টপ-অর্ডার এই ব্যাটার। রান-আউট হয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন জাকির।
৫ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে চারে নেমে তাওহীদ হৃদয়ও আস্থার প্রতিদান দিতে পারেননি। রশিদ খানের বলে স্লিপে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান।
