ঢাকার হ্যাটট্রিক হার, বিফলে পেরেরার সেঞ্চুরি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বিপিএলের শুরু থেকেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস। দর্শকদের আশা ছিল শাকিব খানের হার ধরে নতুন রূপে ফিরবে বিপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। কিন্তু দর্শকদের পুরোপুরি হতাশ করেছে লিটন-মোস্তাফিজরা। রংপুর ও রাজশাহীর পর খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা। সেঞ্চুরি করেও দলতে জেতা পারেননি থিসারা পেরেরা।
শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। জবাবে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ২ রান করে সাজঘরে ফেরেন লিটন। পরের বলে ডাক আউট হন স্টিভেন এসকেনজি। এরপর ১৫ বলে ১৯ রান করে তামিম আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। শাহাদত হোসেন দিপু (৩), শুভাম রনঞ্জি (৬), আলাউদ্দিন বাবু শূন্য রান করে আউট হন।
এরপর স্বদেশি চতুরাঙ্গা ডি সিলভাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন থিসারা পেরেরা। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি তুলে নেন এই লঙ্কান ব্যাটার।
২৪ বলে ঢাকার লক্ষ্য দাঁড়ায় ৭৮ রান। বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন ঢাকার অধিনায়ক। ১৯তম ওভারে চতুর্থ বলে বোসেসিটো ক্যাচ মিস করলে ৮৭ রানে জীবন পান থিসারা। ৯ চার এবং ৭ ছক্কায় ৬০ বলে সেঞ্চুরি তুলে নেন এই লঙ্কান অলরাউন্ডার।
তবে হার এড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে তারা। এতে ২০ রানের জয় পায় খুলনা টাইগার্স।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পেয়েছিল খুলনা। তবে ১৭ বলে ৩০ রানে থাকা ওপেনার নাঈমকে উইকেটে থিতু হতে দেননি ডি সিলভা। দিপুর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাত্র ১ রানে সাজঘরের পথ ধরেন আফিফ হোসেন ধ্রুব।
এরপর দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই একে একে ফেরেন ইব্রাহীম জাদরান (৫), মেহেদী হাসান মিরাজ (৮) ও মোহাম্মদ নেওয়াজ।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে দলীয় বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার উইলিয়াম বেতিস্টো। তবে ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ১ ছক্কা ও তিন চারে ২৮ রানে ফেরেন তিনি।
শেষদিকে অঙ্কনের ৩২, জিয়াউর রহমানের ২২, আবু হায়দার রনির ২১ ও নাসুমের ৯ রানের ক্যামিওতে ভর করে ১৭৩ রানের পুঁজি দাঁড় করায় খুলনা।
