সাকিবকে দলে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
বোলিং অ্যাকশন নিষিদ্ধ হলেও ‘ব্যাটার’ হিসেবে খেলার সুযোগ থাকছে সাকিব আল হাসানের। তবে শুধু ‘ব্যাটার’ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের সাম্প্রতিক ব্যাটিং বিবেচনায় নিয়ে অন্যদের ওপরই বেশি আস্থা রেখেছেন নির্বাচকরা। মূলত টিম কম্বিনেশনেই জায়গা হয়নি তার।
এ নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রসেসে ওর অবস্থান ছিল, ব্যাটার হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।'
তিনি আরো বলেন, 'বোর্ড সভাপতি বলেছেন, কেউ রিটায়ার না করলে বিবেচনায় থাকবে। বোলিং অ্যাকশনের পর আমরা আর দ্বিতীয়বার ভাবিনি। আমাদের প্ল্যানিংয়ে সাকিব না থাকার কারণেই সেই ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের দলে থাকলে হয়ত বোর্ড থেকে আরো স্পষ্ট অবস্থান জানতে পারতাম। সাকিবের ব্যাপারটা ভিন্ন, একশন নিয়ে ঝামেলায় ছিলেন। আমরা সমীচীন মনে করেছি। আলাপ ক্রিকেট অপারেশন্স থেকেই হয়ে থাকে, সেখান থেকেই ফিডব্যাক পেয়ে থাকি। পাবলিকলি, এত ওপেনলি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা গেল না, এটা আলোচনা করা ভালো কথা না। এ মুহূর্তে দলে যারা আছেন তারা এগিয়ে আছেন, ঘরোয়া ক্রিকেট খেলছেন, আস্থা সে কারণেই।'
এদিকে তারুণ্যের প্রতিও বেশি আস্থা দেখিয়েছেন নির্বাচকরা। লিপুর ভাষ্যমতে, 'একজন ২৫ বছরের তরুণ যতটা সতেজ থাকে ৩৫ বা ৩৭ বছরের খেলোয়াড় ফিটনেসের জায়গায়… সবাই বলব না তবে অনেকের জন্য ধরে রাখা কঠিন হয়। বয়সের সাথে সাথে রিফ্লেক্স কমে, মুভমেন্ট স্লো হয়। কেউ ব্যাটিংয়ে কভার করে দেয়। যে দুটো নাম বললেন সেটাই না, বিভিন্ন নামের ক্ষেত্রেই বিবেচনায় আনতে হয়। শুধু ব্যাটার না, বোলারদের ক্ষেত্রেও।'
