খুশদিলের ব্যাটে রংপুরের লড়াকু পুঁজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও চিটাগং কিংস মুখোমুখি হয়েছে। ব্যাটিংয়ে নেমে টানা ৪ ম্যাচ জেতা চিটাগংকে ১৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চলতি বিপিএলে এখনো অপরাজিত নুরুল হাসান সোহানের দল।
শুক্রবার (১৭ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করেছে রাইডার্সরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন খুশদিল শাহ। ২৮ বল মোকাবিলায় ২ চার ও ৭ ছক্কা হাঁকান তিনি।
এ ছাড়া ৩২ বলে টেলর ৩৯, মেহেদী ১২ বলে ১৭ ও সাইফ ১৮ বলে ১৭ রান করেন।
এই ৪ জন ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। মূলত খুশদিলের দুইশ'রও বেশি স্ট্রাইক রেটের ইনিংসে ভর করেই লড়াকু পুঁজি পায় রংপুর।
চিটাগংয়ের হয়ে আলিস ও ওয়াসিম দুটি করে এবং বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি ও নাঈম একটি করে উইকেট শিকার করেন।
