সাফ ইউ ২০ জয়ের নায়ক মিঠু
‘টাইব্রেকারেই এসেছে আসল চাপ, দর্শকদেরই উৎসর্গ এই ট্রফি’
মাহফুজ খান
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: নিজস্ব
সাম্প্রতিক সাফ ইউ-২০ জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু জানিয়েছেন, পুরো ম্যাচে দল খুব বেশি চাপ নেয়নি, তবে টাইব্রেকারে গিয়ে কিছুটা চাপ অনুভূত হয়েছে।
ভোরের কাগজ প্রতিনিধি মাহফুজ খানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফুটবল দলগত খেলা হওয়ায় আত্মবিশ্বাস থাকলে চাপ কম অনুভূত হয়। তবে ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায়, তখন স্বাভাবিকভাবেই দলের ওপর চাপ তৈরি হয়।
ফাইনাল জয়ের অনুভূতি প্রসঙ্গে মিঠু বলেন, “ফাইনাল জেতার অনুভূতি সবসময়ই অন্যরকম। বিশেষ করে প্রতিপক্ষ যদি ভারত হয়, তাহলে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়।”
ম্যাচে কোনো উত্তেজনাকর মুহূর্ত ছিল কি না— এমন প্রশ্নে তিনি জানান, ফাইনালে তেমন কিছু না হলেও গ্রুপ পর্বে স্লেজিং নিয়ে কিছুটা বাগ্বিতণ্ডা হয়েছিল।
পেনাল্টি শুটআউটের সময় মানসিক প্রস্তুতি নিয়ে মিঠু বলেন, “চ্যাম্পিয়ন হতে হলে মাথা ঠান্ডা রাখা জরুরি। পেশেন্স থাকলে সফলতা আসবেই।”
ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে কী শেখা হয়েছে— এ বিষয়ে তিনি বলেন, “ভারত দক্ষিণ এশিয়ার সেরা দলগুলোর একটি। তবে তাদের বিপক্ষে জিততে পারা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। আমাদের টিম টুগেদার নেস এবার ভালো ছিল, তবে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে।”
টাইব্রেকারের শেষ মুহূর্তের অনুভূতি নিয়ে তিনি বলেন, “শেষ শটের সময় সবাই খুব এক্সাইটেড ছিল। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যেন গোলটা হয় এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারি।”
এই সাফল্যের পেছনে দলীয় প্রস্তুতি ও ফেডারেশনের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “ফুটবল ফেডারেশন আমাদের ভালো ক্যাম্পের সুযোগ দিয়েছে। কোচ, স্টাফ ও ফিজিও— সবাই মিলে একটি টিম হয়ে কাজ করেছি বলেই এই সাফল্য এসেছে।”
যুব পর্যায়ে ভালো করলেও জাতীয় দলে ধারাবাহিকতা না থাকার কারণ হিসেবে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকে দায়ী করেন। মিঠু বলেন, “এই দলটাকে ধরে রেখে নিয়মিত ক্যাম্প, ফ্রেন্ডলি ম্যাচ ও পরিকল্পনা দরকার। না হলে ভবিষ্যতে এর ফল পাওয়া যাবে না।”
অন্যান্য দেশের তুলনায় সুযোগ-সুবিধার প্রসঙ্গে তিনি বলেন, “ভারত অনূর্ধ্ব দলগুলো নিয়মিত বিদেশে ক্যাম্প ও ফ্রেন্ডলি ম্যাচ খেলে। আমরা এখানে কিছুটা পিছিয়ে আছি। সেই সুযোগ পেলে আমরাও আরও ভালো করতে পারব।”
দেশবাসীর উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দেশবাসী, বিশেষ করে প্রবাসীরা আমাদের অনেক সাপোর্ট করেছেন। তাদের দোয়াই আমাদের জয়ের পেছনে বড় শক্তি।”
সবশেষে এই জয়ের কৃতিত্ব তিনি উৎসর্গ করেন দর্শকদের উদ্দেশ্যে।
